ডেস্ক নিউজ: পিরোজপুরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার ও তার চাচাতো ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদারের ওপর ক্ষুর দিয়ে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, রিয়াজ সরদার ও সাইফুল সরদার ওই এলাকায় অবস্থানকালে ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভ এবং তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ক্ষুরের আঘাতে দুজনই আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত শেখ ইমরান শুভকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। তিনি বলেন, “বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি সরকার থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে পিরোজপুর জেলা যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।


















