ডেস্ক নিউজ : মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে “পিরোজপুরে মাদকের বিস্তার: আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (২০ জুন) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত পিরোজপুর গড়তে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত পিরোজপুর গঠনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


















