Friday , 26 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

ডেস্ক নিউজ : মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও সিভিল সার্জন ডাক্তার মোঃ মতিউর রহমান। এছাড়াও পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “মাদকের বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব। একই সঙ্গে মাদক উৎপাদন, পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “আসুন, যারা মাদকের ব্যবসা করে তাদের প্রতিটি বাড়িতে গিয়ে লিখে দিয়ে আসি— ‘এটি একজন মাদক ব্যবসায়ীর বাড়ি’। আর যারা মাদক সেবন করে তাদের বাড়ির সামনেও লিখে দিই— ‘এটি একজন মাদকসেবীর বাড়ি’। তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে তারা মাদক ছেড়ে দিতে বাধ্য হবে। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে ঘৃণা ও প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এ ভয়াবহ ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা সম্ভব।”
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সর্বশেষ