ডেস্ক নিউজ: পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে পিরোজপুর থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি প্রকাশ হলে তার সহকর্মীরা তাকে শনাক্ত করেন বলে জানা গেছে। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















