ডেস্ক নিউজ: ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) যুগল বিশ্বাস।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। দুর্ঘটনা ও দুর্যোগের সময় ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান বলেই সাধারণ মানুষের কাছে তারা আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষায় তারা আরও কার্যকর ভূমিকা পালন করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


















