ডেস্ক নিউজ : পিরোজপুরকে অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা এবং পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পিরোজপুরকে অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা এবং পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের অনুমোদন জেলার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, পিরোজপুরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জেলার স্বাভাবিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীরা সতর্ক ও সজাগ রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।


















