ডেস্ক নিউজ: পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মা ও অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সদর উপজেলার ডুমুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর পৌরসভার হুলারহাট বানেশ্বরপুর এলাকার বাসিন্দা এবং আফতাব উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি আবুল কালামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারিয়া আক্তারের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন মারিয়ার মা হাওয়া বেগম (৪৫) ও অটোরিকশাচালক রাসেল (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত হাওয়া বেগমকে চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অটো চালক রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে কলেজছাত্রীর মৃত্যুর খবরে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব ও আফতাব উদ্দিন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সাইদুল ইসলাম কিসমত হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর শোক প্রকাশ করেন।
















