ডেস্ক নিউজ: বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর পিরোজপুর জেলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহম্মেদ সিদ্দিকী।
এ সময় নিয়োগ বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, ভোলা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই শেষে ৫১১ জনকে নির্বাচিত করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৯০ জন প্রার্থী। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর ৪৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
পরবর্তীতে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ২০ জন সাধারণ কোটায় এবং ১ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
চাকরিপ্রাপ্ত পরীক্ষার্থীরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের তদবির বা অর্থ লেনদেন ছাড়াই চাকরি পাওয়ায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফলাফল ঘোষণার পর অনেককে আবেগাপ্লুত হয়ে আনন্দে কাঁদতে দেখা যায়।
















