ডেস্ক নিউজ: জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর পিরোজপুর সফরকালে দলের প্রবীণ নেতা ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম তৌহিদ উদ্দিন শেখের কবর জিয়ারত করেছেন।
শনিবার (৩০ মে) বিকেলে শহরের শেখপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মরহুম তৌহিদ উদ্দিন শেখের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য খলিলুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির আহমেদ, সহ-সভাপতি তৌনিক উল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রিয়াজউদ্দীন রিয়াজ, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক হাসিব হোসেন মিলন, সদস্য সচিব পারভেজ খান, জেলা ওলামা পার্টির আহ্বায়ক মহিউদ্দিন জিহাদিসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের প্রবীণ নেতাদের অবদান স্মরণ ও মূল্যায়নের মাধ্যমে সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব। মরহুম তৌহিদ উদ্দিন শেখ জাতীয় পার্টির জন্য যে অবদান রেখে গেছেন, তা দলের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

















