ডেস্ক নিউজ: পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার (৫৮)-এর জানাজা সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে জিয়ানগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনায় নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
ফায়জুল কবির তালুকদার জিয়ানগরের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান। তিনি উপজেলা বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিআরডিবির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের মতে, জিয়ানগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে তার পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এফ করিম আলিম মাদ্রাসা, জিয়ানগর ডিগ্রি কলেজ, উপজেলা পরিষদ, হাসপাতাল, স্বাস্থ্য ক্লিনিক, থানা ভবন ও জিয়ানগর বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তাদের পরিবার জমি দান করেছে।
তার বড় ভাই ইকরামুল কবির মজনু একাধিকবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এবং মেজ ভাই আসাদুল কবির তালুকদার স্বপন একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার ভাতিজা মাসুদ করিম ইমন সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
স্থানীয়রা জানান, মানবিক ও সাদামাটা জীবনযাপনের জন্য ফায়জুল কবির তালুকদার এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। অসুস্থ বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জানাজা ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সর্বস্তরের মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন। রাজনৈতিক জীবনে নানা মামলা ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি আদর্শ থেকে সরে যাননি বলেও নেতাকর্মীরা উল্লেখ করেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
তার মৃত্যুতে পৃথক শোক জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

















