ডেস্ক নিউজ: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর পৌরসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী ও দলের প্রাথমিক সদস্য মইনুল আহসান মুন্না সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২২ মে) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এনসিপি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক হুমায়ূন কবীর। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব আল আমিন খান, আইন উপদেষ্টা সৈয়দ ইকবাল আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ অন্যান্য সাংবাদিক ও নেতাকর্মীরা।
সাবেক ছাত্রদল নেতা ও পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর পৌরসভা দেড় শতাধিক বছরের পুরোনো হলেও এখানকার নাগরিকরা এখনও অনেক মৌলিক পৌরসেবা থেকে বঞ্চিত। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করতেই তিনি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবা সহজীকরণ, পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তিনি পৌর নাগরিকদের সঙ্গে গণসংযোগ শুরু করবেন বলেও জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মইনুল আহসান মুন্না বলেন, জোটগতভাবে তাকে মনোনয়ন না দিয়ে অন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সেই প্রার্থীর পক্ষেই কাজ করবেন। একইসঙ্গে এনসিপি যদি জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রেও জোটের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলে জানান।
নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে তিনি বলেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন এবং পিরোজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তবে ২০০৭ সালের পর থেকে বিএনপির রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। এরপরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতি তিনি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যেহেতু এনসিপি তাকে মনোনয়ন দিয়েছে, তাই এখন থেকে তিনি এনসিপির আদর্শ ও কর্মসূচি নিয়েই মাঠে কাজ করবেন।
প্রসঙ্গত, পিরোজপুরসহ দেশের একশ’ পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

















