ডেস্ক নিউজ: সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। একইসঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী।
প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
এ সময় বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসছে। পাশাপাশি গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সভায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


















