ডেস্ক নিউজ: জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম সোহাগ। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা ইউনিটের বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
মনিরুল ইসলাম সোহাগের এ অর্জনে পিরোজপুরের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবসমাজকে আরও সংগঠিত করার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।


















