Monday , 18 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: পিরোজপুরে মেলা শুরু ১৯ মে

ডেস্ক নিউজ: জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু হচ্ছে আগামী ১৯ মে। এ উপলক্ষে সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবাইয়াত ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার সাতটি উপজেলায় একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
বক্তারা জানান, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সহজভাবে পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত সেবায় হয়রানি কমানো। মেলায় বিভিন্ন তথ্য ও সেবা বুথের মাধ্যমে নাগরিকদের সরাসরি সেবা ও পরামর্শ প্রদান করা হবে।
প্রেস কনফারেন্সে ভূমি ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। জানানো হয়, একটি সমন্বিত সিঙ্গেল অ্যাপ বা প্ল্যাটফর্মের মাধ্যমে সব ধরনের ভূমিসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদান, জাতীয় ডিজিটাল ল্যান্ড জোনিংয়ের মাধ্যমে ভূমি জরিপ ও বিরোধ নিষ্পত্তি, সমন্বিত ভূমি অফিস নির্মাণ এবং আধুনিক রেকর্ডরুম তৈরির পরিকল্পনা রয়েছে। বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রেস বিফ্রিং শেষে সফলভাবে ভূমিসেবা মেলা বাস্তবায়ন এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর করতে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ - সর্বশেষ