ডেস্ক নিউজ: “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এবং “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুবসমাজকে বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেল ৫টায় পিরোজপুর সদর উপজেলার নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা মাঠে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়। এতে সহযোগিতা করে নামাজপুর মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন সংস্থা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “মাদক একটি জাতীয় সমস্যা, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুল হক, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমান এবং পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
নামাজপুর মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন সংস্থাটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মনিরুল ইসলাম চৌধুরী।
সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।















