ডেস্ক নিউজ: জুলাই আন্দোলনে কারা সংগঠক, কারা নেতৃত্বদানকারী এবং কারা সম্মুখসারির ভূমিকা পালন করেছেন, তা নিরপেক্ষভাবে চিহ্নিত ও মূল্যায়নের দাবি জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ ব্যতীত জুলাই আন্দোলনের কৃতিত্ব এ দেশের অধিকাংশ আপামর জনতার। তবে এটাও সত্য যে, আন্দোলনের ভেতরে কারা সংগঠক হিসেবে কাজ করেছে এবং কারা বিভিন্ন স্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তা চিহ্নিত করা উচিত।”
তিনি মহান মুক্তিযুদ্ধের উদাহরণ টেনে বলেন, “মুক্তিযুদ্ধ ছিল এ দেশের সকল স্বাধীনতাকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। কিন্তু তারপরও মুক্তিযুদ্ধের সংগঠক, নেতৃত্বদানকারী এবং সম্মুখসারির যোদ্ধাদের ভূমিকা ইতিহাসে পৃথকভাবে স্বীকৃত হয়েছে এবং বিভিন্ন মর্যাদায় ভূষিত করা হয়েছে।”
সালাউদ্দিন তালুকদার কুমার আরও বলেন, অতীতে ব্যক্তির ভূমিকা নির্ধারণ করা তুলনামূলকভাবে কঠিন ছিল। তবে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আন্দোলনে কার কী অবদান ছিল, তা যাচাই করা অনেক সহজ। তাই শুধুমাত্র সদস্যপদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্দোলন সংগঠিত করা, নেতৃত্ব দেওয়া এবং মাঠপর্যায়ে অবদান রাখার বিষয়গুলো নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
তিনি বলেন, “আর যারা প্রকৃত জুলাই যোদ্ধা, তারা কখনো জুলাই বিক্রেতা হতে চায় না। তারা খুব একটা কৃতিত্বের দাবি করে না বা কৃতিত্ব নিয়ে বাড়াবাড়িও করে না।”
তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই আন্দোলনে সক্রিয় ব্যক্তিদের যথাযথ মূল্যায়নের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


















