ডেস্ক নিউজ: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত ও সার্বিক সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, উন্নত আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা ও মানসম্মত খাবারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকল সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক আচরণের কোনো বিকল্প নেই। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে আন্তরিকতার সঙ্গে।
সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিসের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।


















