ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুহিন কান্তি ঘোষ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন পিরোজপুর জেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার ১ হাজার ৩৭৬টি টিকাদান কেন্দ্রে ২ হাজার ৭৫২ জন কর্মী দায়িত্ব পালন করবেন। ক্যাম্পেইনের আওতায় জেলার মোট ১ লাখ ৩১ হাজার ২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৬ হাজার ২৮৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৭৪১ জন শিশুকে নীলাভ রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নির্ধারিত দিনে জেলার সব অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
এ সময় পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


















