ডেস্ক নিউজ: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ২ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ কর্মসূচির আয়োজন করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অনুষ্ঠানে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনি ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। তিনি বলেন, মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্রসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের ২ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
















