ডেস্ক নিউজ: পিরোজপুর সদর উপজেলায় ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে এক যুবককে ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ জুন) পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. হাফিজুল (২৫) সদর উপজেলার উত্তর বাদুরা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আনছার আলী হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের অপরাধে তাকে ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের পরিদর্শক বাপন সেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















