ডেস্ক নিউজ: ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ব্যাংকটির ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন গ্রাহকরা।
রোববার (২৪ মে) সকালে শহরের ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের জেলা আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, সদস্য সচিব এইচ এম মামুন ও জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়েছে। তারা দাবি করেন, ব্যাংক থেকে লুটপাট ও বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনতে হবে এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের অর্থ যাতে অপচয় না হয় সেজন্য দক্ষ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে ব্যাংক পরিচালনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যাংকটির বিরুদ্ধে ‘অপপ্রচার বন্ধের’ দাবিও জানান বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ব্যাংকিং খাতে অস্থিরতা বন্ধ কর”, “ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার রুখে দাও”সহ বিভিন্ন স্লোগান দেন।

















