ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র্যাব-৮’র নজরদারি জোরদা
পিরোজপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে র্যাব-৮।
সোমবার (২৫ মে) বিকেল ৩টায় র্যাব-৮, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন। এসময় হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে র্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। ঈদকে কেন্দ্র করে জাল টাকা, প্রতারণা, চাঁদাবাজি কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
পরিদর্শন শেষে পৌর পশুর হাটে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামান বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে পশু ক্রয়-বিক্রয় ও পরিবহন ঘিরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। কোনো ধরনের অপরাধ বা চাঁদাবাজি যাতে না ঘটে, সে জন্য র্যাব-৮ মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “পশুর হাটে একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এই কন্ট্রোলরুমের মাধ্যমে জাল টাকা বিস্তার রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করা হবে।”
এসময় তিনি ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
মিডিয়া ব্রিফিংয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ ক্রেতা-বিক্রেতা ও পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।

















